দৌলতদিয়া আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে জেলা পরিষদের প্রশাসক

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা করলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া। এসময় তিনি দুটি পরিবারকে জেলা পরিষদ থেকে ৬০ হাজার টাকা এবং ব্যাক্তিগত ভাবে ২০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা অনুদানের আশ্বাস দেন।
রবিবার (১ নভেম্বর) দুপুরে তিনি দৌলতদিয়া তাহের কাজী পাড়া এলাকায় পৌছান। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আছর মোল্লা ও সিরাজুল মোল্লার তিনটি টিনের ঘর পুড়ে যায়।
এ ঘটনায় একটি গরু, ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, এই ক্ষতি টাকা দিয়ে পূরণ করার মতো নয়। এই ধরনের ক্ষতি যাদের হয় তারা বোঝে কতোটা ক্ষতি হয়। জেলা পরিষদ থেকে আমরা তাকে শান্তনা দিতে এসেছি এবং সেই সাথে দুটি পরিবারকে জেলা পরিষদ থেকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা এবং আমার বেতন থেকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দিবো।