বহরপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় ১০ হাজার তালের চারা রোপণ

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

স্টাফ রিপোর্টার : পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের বাঘুটিয়া, বারুক গ্রাম ও নতুনচর পাকালিয়া হয়ে বহরপুর পর্যন্ত প্রায় ১০ হাজার তালের চারা রোপণের বিশাল এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর সকালে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে একটি তালের বীজ রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই সামাজিক ও পরিবেশবান্ধব প্রকল্পে বর্তমানে ১০ জন নিবেদিতপ্রাণ শ্রমিক ধারাবাহিক চারা রোপণের কাজ চালিয়ে যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির ফলে বিশেষভাবে উপকৃত হবে বারুক গ্রাম আবাসন এলাকা। এটি একদিকে যেমন গ্রামীণ পথঘাট ও আবাসন এলাকার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলবে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া বজ্রপাতের হাত থেকে এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে।
পরিবেশবিদদের মতে, তালগাছ মাটির ক্ষয় রোধ করে, ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে সাহায্য করে এবং উঁচু হওয়ায় বজ্রপাতকে নিজের দিকে টেনে নিয়ে মানুষের প্রাণহানি কমায়। তাই বহরপুর ইউনিয়ন পরিষদের এই সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপটি এলাকায় চরম প্রশংসিত হয়েছে এবং এটি অন্যান্য ইউনিয়নের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।