
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ফাতেমাতুজ্জোহুরা কওমী মাদ্রাসার পাশে বালি উত্তোলন করায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফাতেমাতুজ্জোহুরা কওমী মাদ্রাসার সভাপতি হিরু খান প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলেন, আমার বাড়ীতে স্বপরিবারে বসবাস করে আসছি। আমার বাড়িতে দীর্ঘদিন যাবৎ একটি মহিলা মাদ্রাসা রয়েছে। আমার বাড়ি ও মহিলা মাদ্রাসা সংলগ্ন যায়গায় উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের হাকিম শেখ, রেজা ড্রেজার দিয়ে বালি কেটে ফেলাচ্ছে। এতে আমার বাড়িতে ও মাদ্রাসায় পানি উঠে যাচ্ছে এবং ছাত্রীদের চলাফেরায় অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। বিষয়টি অবগত করে বালি ফেলাতে মানা করলে আমাকে হুমকি দিয়ে বলে আমরা এখানেই বালি ফেলাবো তুই যা পারিস তাই করেক। পরে আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের জানালে তাদেরকে বালি ফেলতে মানা করে। কিন্তু তারা কারো কথা না শুনে সেখানেই বালি ফেলছে। এ জায়গার সামনে একটি রাস্তার মোড় রয়েছে। এখানে বালি ফেলায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
মাদ্রাসার সভাপতি হিরু খান বলেন, আমি সঠিক তদন্ত সাপেক্ষে বালি ফেলানো বন্ধের জন্যে সহযোগিতা কামনা করছি। অভিযোগ দায়ের করার পরও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
হাকিম শেখ বলেন, আমি জমি লিজ নিয়ে বালু উত্তোলন করছি। এখানে কোন অবৈধ কিছু করছি না।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে নারুয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
