
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে মাদকসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে সোহান, মনিরুল ও আরিফুল নামে তিনজনকে মাদকসহ আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
আদালত সূত্রে জানা যায়, আটককৃত সোহান ও মনিরুল মাদক কারবারের সঙ্গে জড়িত। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদক সেবনের দায়ে আরিফুলকে একই আইনের একই ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
