বালিয়াকান্দিতে যুবককে বিদেশে চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে মানব পাচার মামলা

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে আকর্ষণীয় বেতনে চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে রাজবাড়ী মানব পাচার দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের মোঃ আলিয়ার রহমানের স্ত্রী মনিরা খাতুন বাদী হয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর (দড়িপাড়া) গ্রামের মৃত সজিরুদ্দিন সধোর ছেলে মোঃ শহিদ শেখ, মোঃ সোহেল মোল্লার স্ত্রী মোছা বিথি বেগম (২৫), ফিরোজ মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা সংগঠিত মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বাদী মনিরা খাতুনের স্বামী আলিয়ার রহমানকে সৌদি আরবে ‘ফ্রি ভিসা’য় নিয়ে মাসে ৫০ হাজার টাকা বেতনে আকামাসহ ভালো কাজের আশ্বাস দেয় আসামিরা। কথামতো গত ২০২৪ সালের জানুয়ারি মাসে বহরপুরের আসামিদের বাড়িতে ও পরবর্তীতে মে মাসের বিভিন্ন তারিখে আসামিদের ১ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য দফায় মোট ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। টাকা নেওয়ার পর গত ২০২৪ সালের ১৯ মে আসামিরা চক্রান্ত করে বাদীর স্বামীকে সৌদি আরবের পরিবর্তে অন্য একটি দেশে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছানোর পর কোনো আকামা বা কাজ দেওয়া হয়নি, উল্টো তাকে একটি আকামাহীন অবস্থায় বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সেখান থেকে কোনোমতে দেশে ফিরে আসার পর বাদীর স্বামী ও পরিবার পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
সর্বশেষ গত ২০২৫ সালের ১২ মে বাদী ও সাক্ষীরা আসামিদের বাড়িতে গিয়ে টাকা দাবি করলে আসামিরা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
নিরুপায় হয়ে মনিরা খাতুন মানবাধিকার রক্ষা ও প্রতারণার বিচার চেয়ে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’-এর ৫, ৬, ৭, ৯ ও ১৫ ধারায় মানবপাচার প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বালিয়াকান্দি থানাকে নির্দেশ প্রদান করছেন।