গোয়ালন্দে ব্যবস্থা পত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রির দায়ে জরিমানা

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অননুমোদিত ঔষধ বিক্রয় এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ের দায়ে ৪ টি ওষুধের দোকানকে (ফার্মেসি) মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সুত্রে জানাযায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন উজানচর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়
ড্রাগ আইন, ১৯৪০-এর অধীন অপরাধ সংঘটিত করায় বিভিন্ন ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও মালিকগণ হলো, মেসার্স সরদার ড্রাগ হাউসের মালিক মোঃ একরাম সরদারকে ৫ হাজার টাকা জরিমানা, মেসার্স নিউ মমতাজ মেডিসিন কর্নারের মালিক মোঃ নাজমুল হাসানকে ২ হাজার টাকা জরিমানা, মেসার্স লিলি ফার্মেসি মালিক মোঃ ইউসুফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা। মেসার্স মোস্তফা ড্রাগ হাউসের মালিক মোঃ মোস্তাক আহমেদকে ৩ হাজার টাকা জরিমানা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, উপজেলায় অননুমোদিত ঔষধ বিক্রয় এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে ও ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।