বালিয়াকান্দি সহ ৭৭ উপজেলায় ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ১ অক্টোবর

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

স্টাফ রিপোর্টার : দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনতে ১ অক্টোবর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাসহ ৭৭ উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ’ কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃত কৃষকদের কাছে রাষ্ট্রীয় ভর্তুকি ও প্রণোদনা সহজে পৌঁছে দিতে এ কর্মসূচি চালু করা হয়েছে। ‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’। এই স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি সরকারি আর্থিক অনুদান, সেচ সুবিধা, স্বল্পমূল্যে উন্নত বীজ ও সারসহ নানা ধরনের প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তা লাভ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ ডিজিটাল কৃষক কার্ডে ছবি ও উন্নত কিউআর (কিউআর) কোড প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি কৃষকের সঠিক পরিচয়, জমির তথ্য ও ইতিপূর্বে প্রাপ্ত সহায়তার বিবরণ একটি একক প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। ফলে প্রকৃত প্রান্তিক কৃষকেরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ওয়ালেটে সরকারি প্রণোদনার অর্থ পেয়ে যাবেন, যা কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত করবে।
প্রাথমিক ধাপে দেশের ৭৭টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ কার্ড বিতরণ শুরু হতে যাচ্ছে। কৃষি বিভাগ আশা করছে, এ সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হবে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, ১ অক্টোবর বিকেল ৩টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাসহ ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড বিতরণ করা হবে। বালিয়াকান্দি উপজেলায় ১৭০৮ জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড।