ঢাকা রেঞ্জের ডিআইজির রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ও দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে


স্টাফ রিপোর্টার : ঢাকা রেঞ্জের ডিআইজি রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ও দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
শনিবার বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজবাড়ী জেলায় আগমন করেন। রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ,বিপিএম(সেবা) ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান।
রবিবার পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ডিআইজি। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক। প্যারেড পরিদর্শনের সময় ডিআইজি অফিসার-ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন ও উত্তম পোশাকের উপর ভিত্তি করে পুরষ্কৃত করেন।
প্যারেড আনুষ্ঠানিকতা শেষে ডিআইজি রাজবাড়ী পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং পুলিশ লাইন্স কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি । এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় রাজবাড়ী জেলার অফিসার ও ফোর্সের পক্ষ হতে রাজবাড়ী জেলায় আগমন উপলক্ষে ডিআইজিকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এরপর ডিআইজি রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
দুপুরে পুলিশ ফোর্স মেসে আয়োজিত প্রীতিভোজে অফিসার ও ফোর্সের সঙ্গে অংশগ্রহণ করেন ডিআইজি। এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।
প্রীতিভোজ শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ অপরাধ সভায় যোগদান করেন ডিআইজি । সভায় রাজবাড়ী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের সামগ্রিক চিত্র এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত বার্ষিক পরিদর্শনের সময় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। জনবান্ধব পুলিশিং, সদস্যদের কল্যাণ এবং পেশাদারিত্বের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণে রাজবাড়ী জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।