পাংশায় অবৈধ নসিমনের চাপায় ৫বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় অবৈধ নসিমন গাড়ির চাপায় নূর ইসলাম নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নূর ইসলাম পাংশা উপজেলার চরঝিকড়ী গ্রামের গোলাপ মণ্ডলের ছেলে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে শিশুটির নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই খেলা করছিল শিশু নূর ইসলাম। এ সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক নসিমন গাড়ির চালক গাড়িটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পাংশা মডেল থানার অফিসার ইনজার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।