
এস,এম হেলাল খন্দকার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শেখ ফাউন্ডেশনের উদ্যোগে খালকুলার ছবেদ আলী জামে মসজিদসংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেম ও গবেষক মুফতি ওয়াহিদুল ইসলাম খলিলী।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার এবং ভাজনচালা দাওরায়ে হাদীস মাদ্রাসার মুহতামিম ও বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা। শেখ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হাসিবুল ইসলাম শিমুলের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান। মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে পর্দানশীন মা-বোনদের জন্য পৃথক বসার ব্যবস্থাও করা হয়।
বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। একই সঙ্গে ধর্মীয় অনুশাসন মেনে চলা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুন্দর ও আদর্শ জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। শেখ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ তাফসীরুল কোরআন মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
