
বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী বালিয়াকান্দি উপজেলা সংসদ। এ উপলক্ষে ক্ষুদে শিল্পী ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলার কুঠির মাঠসংলগ্ন উদীচী শিল্পীগোষ্ঠীর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, শহাদত মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ মজুমদার।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক রাফেজা খাতুন রজনী, বাপন দে, নিতিশ বিশ্বাস, দেবাশীষ ভট্টাচার্য, ছলেমান আলী মোল্লা দুলু, এসএম দাউদ খান এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসসহ স্থানীয় সুধীজনেরা।
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিল্পচর্চার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষুদে শিল্পীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ক্ষুদে শিল্পী স্বর্ণ সূত্রধরের কণ্ঠে সংগীত পরিবেশন এবং সাবার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
