
মেহেদী হাসান : বাংলা ভাষার শুদ্ধ চর্চা, যথাযথ ব্যবহার এবং শিশু কিশোরদের মনে ভাষার প্রতি অনুরাগ ও মনোযোগ সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিন ব্যাপী “বাংলা উৎসব”।
শুক্রবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমীর আয়োজনে আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের চারিপাশে মৌলবাদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। মৌলবাদের আস্ফালন মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগাতে হবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতির প্রত্যেকটা অঙ্গকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির ব্যাপকতা অনেক বড়। এর প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির ব্যাপকতা ও নিজস্বতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।
এ সময় রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এ এম মোমিনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম সফি, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইকবাল হোসেন বক্তৃতা করেন।
এরআগে সকালে রাজবাড়ী একাডেমীর আয়োজনে দুইদিন ব্যাপী বাংলা উৎসব উপলক্ষ্যে বের করা হয় একটি বর্ণ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
দুই দিন ব্যাপী বাংলা উৎসবে বাংলা ভাষার ব্যাবহার, চর্চা, বিতর্ক, কুইচ, সাংস্কুতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। যা পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে শনিবার।
