জানাযা সম্পন্ন ॥ থানায় মামলা দায়ের : রাজবাড়ীতে কলেজ ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামে এক কলেজ ছাত্রের পেট কাঁটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ফুয়াদ চৌধুরী রোহান রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।
শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ অন্যান্যরা বক্তৃতা করেন। এসময় রোহানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। পরে তাকে দাফন করা হয়।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
জানাগেছে, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফিরে আসেনি ফুয়াদ চৌধুরী রোহান। ওই দিন রাত থেকে তার ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সহ সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় নিখোঁজ জিডি করে। বৃহস্পতিবার বিকেলে বাড়ীর অদুরে রঘুনাথপুর এলাকায় পেট কাটা বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে খবর পেয়ে এসে একটি বাগানের পাশের ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। পুলিশ কাজ শুরু করেছে। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এর কারণ উদঘাটন করতে পারবেন।