


স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদরের উড়াকান্দা পদ্মা নদীতে ৩ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতায় দুই নৌকার বাইচেদের সংঘর্ষ হয়েছে। এসময় ৮০জন বাইচে বহনকারী নিউ সারির ভিটা নৌকাটি ডুবে যায়। নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। শনিবার রাত সোয়া ৮টা পর্যন্ত ১২ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
রাজবাড়ী সদর হাসপাতালে নিউ সারির ভিটার বাইচে লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল, আলাউদ্দিন সহ ১৪জন ভর্তি হয়েছেন। সবাই গুরুতর ও রক্তাক্ত।
নিউ সারির ভিটার নৌকার লতিফ সরদার, সুজাত বলেন, শনিবার সন্ধ্যার পর আমাদের নৌকা ও নিউ জনতা নৌকা দু’টি প্রতিযোগিতায় টেনে যাচ্ছিলাম। আমাদের নৌকা আগে উঠে গেলে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দার নিকট নিউ জনতার বাইচেরা আমাদের উপর হামলা করে। এতে আমাদের নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়। তাদের হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়।
তারা আরও বলেন, আমাদের নৌকায় ৮০জন বাইচে ছিল। আমরা ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছি। বাকীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। কেউ নিখোঁজ আছে কিনা এখনো বলতে পারছি না। তাদের হামলায় অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। সবার বাড়ী পাবনা জেলার সারির ভিটা গ্রামে।
নৌকা বাইচ কমিটির আঞ্চলিক প্রধান সিরাজ শিকদার বলেন, আসলে সন্ধ্যার পরে নৌকা ছাড়ার সুযোগে এ সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার আগেই বাইচ শেষ করার প্রয়োজন ছিল।
দৌলতদিয়া নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, বাইচের নৌকার পিছনে নৌ পুলিশের স্প্রীড বোট পিছনে ছিল। নৌকা ডুবির পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা ৮০জনকে উদ্ধার করেছি। তবে নিখোঁজের কোন তথ্য পাইনি।
গত বৃহস্পতিবার বিকেলে নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের আয়োজনে রাজবাড়ী গোদার বাজার পদ্মা নদীর তীরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সভাপতি নঈম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া সহ অন্যরা। শনিবার ছিল ফাইনাল প্রতিযোগিতা। শেষ পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।
