বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখমের অভিযোগ

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ নুহ শেখ (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত ১০ অক্টোবর দুপুর ১২ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের চর-ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুহ শেখ বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বহরপুর ইউনিয়নের চর-ফরিদপুর গ্রামের বাসিন্দা মোঃ নুহ শেখের সাথে প্রতিপক্ষ মোঃ মুছা শেখ, মোঃ রাশেদ শেখ, মোছাঃ সালেহা বেগম এবং মোছাঃ আমবিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে হত্যার হুমকিসহ প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে আসছিল। গত ১০ অক্টোবর নুহ শেখ মাঠ থেকে কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে পথরোধ করে প্রতিপক্ষরা। এসময় রামদা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনিভাবে তার ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো রামদায়ের কোপ ও মারধরে তার মাথায় গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মোঃ নুহ শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।