যশোরে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার : ব্রিফিংয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন : দৌলতদিয়া থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও ট্রাকসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে


সোহেল রানা : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ও একটি ঝুট বোঝাই কার্গো ট্রাক আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে মূল মাদক কারবারি মোঃ রমজান আলী (৩৪), বেনাপোল পোর্ট (শার্শা) থানার দিঘীরপাড় গ্রামের মৃত কওসার আলীর ছেলে ট্রাক চালক মোঃ আরমান হোসেন ইউনুস (৩০), কাগমারী গ্রামের মোঃ মালেক মোড়লের ছেলে হেলপার মোঃ আরিফ হোসেন (৩২)।
সোমবার বিকেল ৩টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরীঘাট হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে ভোর সাড়ে ৪ টায় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার শাহাদত মেম্বারপাড়ার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। ভোর সাড়ে ৫টার সময় ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুট বোঝাই টাটা কার্গো ট্রাক থামিয়ে চালক, হেলপার এবং ড্রাইভারের পিছনে বক্সে শুয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের আচার-আচরণ এবং কথাবার্তায় সন্দেহের উদ্বেগ হয়। এক পর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের চৌকস টিম আসামী মোঃ রমজান আলী, মোঃ আরমান হোসেন ইউনুস, মোঃ আরিফ হোসেনদেরকে হাতেনাতে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ড্রাইভারের পিছনে বক্সে শুয়ে থাকা আসামী রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রক্ষিত ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য ৯০ লক্ষ টাকা, ওজন ৩ কেজি, ১টি ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ১২ টনের টাটা কার্গো ট্রাক এবং ২টি স্মার্টফোন এবং ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ঢাকা থেকে ক্রয় করে ট্রাক চালক ও হেলপারের সহায়তায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) রাকিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।