গোয়ালন্দে আন্তর্জাতিক প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

সিরাজুল ইসলাম : ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বর্ণাঢ্য মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে অগ্নিকাণ্ড ও উদ্ধার কার্যক্রম বিষয়ক এ মহড়া প্রদর্শন করেন গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দিকনির্দেশনায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবজিৎ কুমার দাশ সহ স্কুলের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের মাঠে মহড়ার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে তাৎক্ষণিক করণীয় এবং অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন করেন।