
সিরাজুল ইসলাম : শারদীয় দুর্গাপূজায় যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে দেশের ব্যস্ততম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্পীডবোড যোগে এসে দৌলতদিয়া ঘাট এলাকায় পৌঁছে ফেরিঘাট ও লঞ্চঘাটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী দৌলতদিয়া ফেরিঘাটের পল্টনে লাগানো বেড়িকেট গুলো দেখেন তাছাড়া পল্টন গুলো ঠিকঠাক আছে কি না সেই বিষয়ে খোঁজ খবর নেন। প্রতিটি পল্টনে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ এবং ব্যারিকেট ঠিকমতো কাজ করছে কি না তার খোঁজ খবর নেন। লঞ্চ মালিকদের সাথে কথা বলেন। যাত্রীদের যাতে কোন রকম ভোগান্তি না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেন লঞ্চ মালিকদেরকে। শারদীয় দুর্গাপূজায় যাত্রী সেবা নিশ্চিত করতে ঘাট সংশ্লিষ্ট সকরকে সজাগ থাকার নির্দশনা দেন মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পুজোর ছুটিতে যারা বাড়িতে যাবেন, কিমবা বেড়াতে যাবেন, সেইটা মাথায় রেখে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। সাধারণ মানুষের চলাচলে যাতে কোন বিঘ্ন না ঘটে, তারা যেন স্বাচ্ছন্দে যেতে পারে এবং ফিরে আসতে পারে। আমরা ঈদের সময় যে ধরনের প্রস্তুতি রাখি প্রায় কাছাকাছি প্রস্তুতি রেখেছি। আর সেটি লঞ্চ, ফেরি বাস থেকে শুরু করে রেলওয়েসহ সকল জায়গায় প্রস্তুতি রেখেছি। যাতে যাত্রীরা নিরাপদে যেতে পারে এবং আসতে পারে। আমরা যাতায়াতের যে ব্যবস্থাগুলো সেটা সহজ করার চেষ্টা করছি এবং নিরাপদ করার চেষ্টা করছি। বাসগুলো যেন সঠিকভাবে যাত্রী নামিয়ে ফেরিতে উঠানো হয় সেগুলো আমরা দেখেছি। ঘাটগুলোর যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো আমরা ঠিক করে দিচ্ছি। এছাড়া ফেরিঘাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে কথা বলেন তিনি।
সার্বিক ব্যবস্থাপনায় ঈদের সময় আমরা যেভাবে কাজ করি থাকি, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং মানুষকে সচেতন করবেন। একইভাবে আমরা যাত্রীদেরকে আহবান করব, আপনারা সরকারি নিয়ম মেনে চলবেন। ঘাটে যারা কর্মরত রয়েছেন, তাদেরকে সহযোগিতা করবেন, নিরাপদে বাড়ি যাবেন এবং নিরাপদে ফিরে আসবেন।
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশল রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী ফাইদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
