গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রচারণা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা মৎস্য বিভাগ।
আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিতব্য এ কর্মসূচিকে সামনে রেখে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে মাইকিং ও ব্যানার স্থাপনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, মৎস্য খাতের উন্নয়ন, টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছ চাষে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রচারণা পরিচালিত হচ্ছে। উপজেলার হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা এবং ব্যস্ত সড়কগুলোতে মাইকিংয়ের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের গুরুত্ব ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। পাশাপাশি পদ্মা পাড়, ফেরিঘাট, লঞ্চঘাট সহ বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।