কালুখালীতে পুকুরে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে
oppo_2

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালীতে লিজ নেওয়া পুকুরে বিষ বা কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এতে পুকুরের ছোট-বড় সব মাছ মরে গিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের লিজগ্রহীতা মোঃ পিয়াল মোল্লা (২৬)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড এর মহেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পিয়াল মোল্লা দীর্ঘদিন ধরে মহেন্দ্রপুর গ্রামে ৪০ শতক আয়তনের একটি লিজ নেওয়া পুকুরে বাণিজ্যিকভাবে কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা পুকুরে বিষ বা ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করেছে বলে তাঁর অভিযোগ। পরদিন সকালে পুকুরে গিয়ে ছোট-বড় সব মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন তিনি।
এ ঘটনায় তাঁর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন পিয়াল মোল্লা। ভবিষ্যতে পুকুরে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শুক্রবার (১৬ অক্টোবর) কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে কালুখালীর মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই মোঃ জাকির হোসেন জানান, এ ঘটনায় কালুখালী থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পিয়াল মোল্লা মহেন্দ্রপুর পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদে প্রায় ৬ থেকে ৭ বছর ইমামতি করছেন। ইমামতির পাশাপাশি তিনি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। পুকুরের মাছ মরে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।