বালিয়াকান্দির বহরপুরে জেলে সম্প্রদায়ের মাঝে শারদীয় উপহার বিতরণ

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২নং বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২নং ওয়ার্ডের মাঝিপাড়া জেলে সম্প্রদায়ের দরিদ্র পরিবারের মাঝে বিশেষ পূজা উপহার সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলে পল্লীতে ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং সনাতন ধর্মাবলম্বী জেলে সম্প্রদায়ের মানুষের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় জেলে পরিবারের সদস্যদের হাতে শারদীয় উপহার তুলে দেওয়া হলে মাঝি পাড়ায় উৎসবের আমেজ ও আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে।
উপহার বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন বলেন, “উৎসব কোনো একক সম্প্রদায়ের নয়, উৎসব সবার। বহরপুর ইউনিয়ন সবসময়ই অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো এবং সবার মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও আধুনিক বহরপুর গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া তাঁর বক্তব্যে বহরপুরের ঐতিহ্যবাহী সামাজিল সম্প্রীতি অক্ষুন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভকামনা জানান।
উপহার পেয়ে আদিবাসী সম্প্রদায়ের তরফ থেকেও গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করা হয়। নেতা-কর্মীরা জানান, অসাম্প্রদায়িক ও সুশাসিত বহরপুর ইউনিয়ন বিনির্মাণে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।