
সোহেল রানা : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮৮৯০ পিস ইয়াবাসহ মোঃ নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন।
শুক্রবার ( ১৬ অক্টোবর) বিকেল ৪ টায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল গেইটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করে।
পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে বাসে একজন মাদক কারবারি পাটুরিয়া ফেরীঘাট হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের খানখানাপুর রেলগেট সংলগ্ন জাবেদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। বিকাল সাড়ে ৫ টার সময় বাস থামিয়ে তল্লাশিকালে একটি সিটের যাত্রীর কোলের উপরে থাকা কাঁধের ট্রাভেল ব্যাগ তল্লাশী করতে চাইলে তার আচার-আচরণ এবং কথাবার্তায় সন্দেহের উদ্রেক হয়। এক পর্যায়ে ডিবি পুলিশের চৌকস টিম উপস্থিত অন্যান্য যাত্রী ও সাক্ষীদের সামনে আসামী মোঃ নাজমুল হাসান প্রিন্সের কাঁধের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৪৩ টি নীল রঙের জিপার ব্যাগে রক্ষিত ৮ হাজার -৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি নীল রঙের জিপার ব্যাগে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি নীল রঙের জিপার ব্যাগে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য ২৬ লক্ষ ৬৭ হাজার টাকা, ওজন ৮৮৯ গ্রাম এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ঢাকা থেকে ক্রয় করে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
