৩২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগে কাজী ইরাদত আলীসহ পরিবারের ৬ সদস্যের নামে দুদকের পৃথক ৬টি মামলা দায়ের

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে


স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এবং স্ত্রী, পুত্র, পুত্রবধু, কন্যা ও জামাতা সহ পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩২ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬ টি পৃথক মামলা দায়ের করেছে । সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২(২) ধারায় এ মামলাগুলো দায়ের করেন।
মামলার অভিযোগে প্রকাশ, কাজী ইরাদত আলী অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৭ কোটি ৩ লক্ষ ৭৮ হাজার ৮৪৬ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২(২) ধারায় অপরাধ সংঘটিত করায় মামলা দায়ের করা হয়।
একই আইনে কাজী ইরাদত আলীর স্ত্রী রাবেয়া পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৬০ লক্ষ ৬৭ হাজার ৪৬৬ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা, পুত্র জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তনুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ১৬৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা, পুত্রবধু আফসানা নওমী তাকিনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৭২ লক্ষ ২১ হাজার ২৯০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা, কন্যা কাজী সিরাজুম মুনিরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ১৩ লক্ষ ৮১ হাজার ১২৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা এবং জামাতা মোঃ নুরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৫৩ লক্ষ ১৩ হাজার ৬৯০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী-পরিচালক ও মামলার বাদী মোস্তাফিজ জানান, এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কাজী ইরাদত আলী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধানে কাজী ইরাদত আলী, স্ত্রী রাবেয়া পারভীন, পুত্র কাজী রাকিবুল ইসলাম শান্তনু, পুত্রবধু আফসানা নওমী তাকিনা, কন্যা কাজী সিরাজুম মনিরা ও জামাতা মোঃ নুরুল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে ৬৫ কোটি ৬৫ লক্ষ ৫৫ হাজার ৮৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এ তথ্যের ভিত্তিতে তাদের সম্পদ জব্দ করা হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদনের পর উল্লেখিত ৬ মামলা দায়ের করে দুদক ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়।
মামলার বাদী জানান, কাজী ইরাদত আলী ও তার পরিবারের সদস্যদের অবৈধভাবে অর্জিত সম্পদের মধ্যে রাজবাড়ী গোল্ডেশিয়া জুট মিল, পেট্রোল পাম্প, রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বহুতল ভবন সহ বিভিন্ন সম্পদ রয়েছে ।