রাজবাড়ীতে ২৩ জন অসহায় পেলেন ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : বুধবার (২১ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে রাজবাড়ী জেলার অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। রাজবাড়ী সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহায়তা পৌঁছে দিতে ২৩ জন উপকারভোগীর মাঝে অর্থ হস্তান্তর করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সহধর্মিণী আমেনা শফিক। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম, জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান এবং রাজবাড়ী পৌরসভার আমীর ডা. মো. হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. রঞ্জু বিশ্বাস, রাজবাড়ী সদর জামায়াত যুব বিভাগের সভাপতি মো. রাজু আহমেদ ও সেক্রেটারি মো. ইব্রাহীম খলীল উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সরকারি ও সামাজিক উদ্যোগ রাজবাড়ীর দরিদ্র নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।