বালিয়াকান্দিতে ভুয়া ভুমিহীন সনদে খাস জমি বন্দোবস্ত ও কমিউনিটি ক্লিনিকের জায়গা দখলের অভিযোগ

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি খাস জমি ভুয়া ভূমিহীন সনদ বানিয়ে বন্দোবস্ত নেওয়া এবং সরকারি কমিউনিটি ক্লিনিকের জমি জবরদখল করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সম্প্রতি অবৈধ বন্দোবস্ত বাতিল ও সরকারি সম্পত্তি উদ্ধারের দাবিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী কুড়িপাড়া (ঘোনারঘাট) ৬ নং পদমদী মৌজার বিএস ১২৭৮১ নং দাগের বিএস ১ নং খতিয়ানভুক্ত ১১ শতাংশ সরকারি খাস জমি রয়েছে। যা ২০১১-১২ অর্থবছরে নবাবপুর ইউনিয়নের পদমদী গুচ্ছগ্রাম জেসিনাথ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সাত্তার মোল্লা, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পদমদী জেসিনাথ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন শেখ, চরফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্কাস আলী এবং আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী কেতাব দেওয়ান ও সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাক ভুয়া ভূমিহীন সনদ তৈরি করেন। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে পাঁচটি বন্দোবস্ত কেসের (উঈ ঢওওও-৮১/১১-১২, ৮২/১১-১২, ৮৪/১১-১২, ৮৫/১১-১২, ৮৬/১১-১২) মাধ্যমে উক্ত খাস জমি অবৈধভাবে নিজেদের নামে বন্দোবস্ত নেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে কেতাব দেওয়ান খাস জমি বন্দোবস্ত নেওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী সরকারি কমিউনিটি ক্লিনিকের জমির কিছু অংশ জোরপূর্বক দখল করে সেখানে দোকানঘর উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, সরকারি সম্পদ ব্যক্তিস্বার্থে দখল করা একটি মারাত্মক অপরাধ। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবৈধ বন্দোবস্ত কেসগুলো অবিলম্বে বাতিল এবং কমিউনিটি ক্লিনিকসহ খাস জমি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, “প্রশাসনের কাছে আমরা সুবিচারের আশায় আবেদন করেছি। জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের সুনির্দিষ্ট তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দখলকৃত জমি উদ্ধার করার আহ্বান জানাচ্ছি।”