
সোহেল খান :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি নসিমন আটক করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা বিসিআইসি সার ডিলার ‘আমিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
শুক্রবার সন্ধ্যায় বিসিআইসি সার ডিলার ও আওয়ামী লীগের নেতা আমিরুল ইসলাম তার গুদাম থেকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজারের সার ব্যবসায়ী আতিয়ারের কাছে বিক্রির উদ্দেশ্যে সারগুলো নসিমন যোগে পাচার করছিল। এ সময় স্থানীয় লোকজন নসিমনটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে ডিলার ‘আমিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা ৪০ বস্তা ইউরিয়া সার গোডাউনে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান বলেন, ডিলারের গুদাম থেকে ৪০ বস্তা ইউরিয়া সার নসিমন যোগে পাচার করছিল। লোকজন আটক করে। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে পাচারের সত্যত্ াস্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জব্দ করা সারগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
