রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
রবিবার (২৫ অক্টোবর) সকালের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফড়া এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।