
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে মাদক বিরোধী মোবাইল কোর্টের অভিযানে ৩জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার পাংশা উপজেলার গুদিবাড়ী গ্রামের হারেজ আলী আলী শেখের ছেলে মোঃ বাবু আলী শেখ (৪০), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের মোঃ শাহেজ মল্লিকের ছেলে মোঃ জনি মল্লিক (২৫), রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ী গ্রামের মোঃ হোসেন মোল্লার ছেলে মোঃ অনিক মোল্লা (২৫)।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মোঃ আশিকুজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজবাড়ী সদর থানার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে আসামী মোঃ বাবু আলী শেখ ও মোঃ জনি মল্লিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা এবং মোঃ অনিক মোল্লাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়। তাদের দেহ তল্লাশিকালে টাপেন্টাডল ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মোঃ আশিকুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
