
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান মোস্তফা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর এবং বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনি মানিক।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের শান্তিপূর্ণ চলাচল ও বসবাসের পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরাধ ও মাদক নির্মূলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তাঁরা। এ সময় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
