বালিয়াকান্দির বাওনাড়া বাজার বণিক সমিতির নির্বাচন : সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি প্রার্থী!

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাওনাড়া বাজার বণিক সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২১ নভেম্বর নির্বাচনুষ্ঠানের দিন ধার্য্য করা হয়েছে। এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, বাওনাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে ১৩ পদের মধ্যে ৩টি পদে একাধিক প্রার্থী এবং ৮ টি পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরপর নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, নিরাপত্তা ও যোগাযোগ সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও ২ টি সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী ৮ জনকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী সদস্যর ৪ টি পদের মধ্যে ২ টি পদে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে বাওনাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বাওনাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। তিনি সরকারের বিদ্যমান রুলস অব বিজনেস অনুযায়ী দশম গ্রেডের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। বাওনাড়া বাজার বণিক সমিতির চলতি ভোটার তালিকায় তার ভোটার ক্রমিক নম্বর ১৯।
প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ নিউটন মোল্লা দাবী করেন সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী একজন সরকারী কর্মকর্তা কোনভাবেই একটি ব্যবসায়ী সমিতির (বাণিজ্যিক সংগঠনের) সভাপতি পদে নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
তিনি দাবী করেন, দেশের প্রচলিত আইনেই একজন সরকারী কর্মকর্তা হিসেবে তার মনোনয়নপত্র বাতিল হওয়া আবশ্যক।
এদিকে নির্বাচন পরিচালনার জন্য মোঃ আবুল বাসার ওরফে বাচ্চু মেলেটারীকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রায়হানকে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছেন সভাপতি পদে মোঃ নিউটন মোল্লা ও রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ রজব আলী ও মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম বাচ্চু ও রাকিবুজ্জামান রুবেল প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতাায় যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির খান, প্রচার সম্পাদক মোঃ রবিউল শেখ, নিরাপত্তা ও যোগাযোগ সম্পাদক মোঃ রাফু, ক্রীড়া সম্পাদক মোঃ কোকিল এবং কার্যনির্বাহী সদস্য পদে মিলন ও আকুল নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবুল বাসার ওরফে বাচ্চু মেলেটারী টেলিফোনে বলেন, নির্বাচন নিয়ে একটু ঝামেলা হয়েছে পড়ে বলব। তবে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহন রায়হান বলেন, ২১ নভেম্বর নির্বাচনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। এজন্য ইউএনও সাহেবের সাথে সাক্ষাত করে পুলিশ সহ অন্যান্য সহযোগিতা চাওয়া হবে। তাদের পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।