
আদম আলী : সারাদেশের ন্যায় রাজবাড়ীর কালুখালীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হলো জনপ্রিয় ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভার বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ স্পোর্টসের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিমের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া সহ সকল দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ১০-১৪ বছর বয়সী “তরুণ প্রজন্মকে স্মার্টফোন ও মাদকের আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টস গত সিজনের মতো এবারও কালুখালীর ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে এবং এখান থেকেই আগামী দিনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।
