
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে গোয়ালঘরের তালা ভেঙে দুটি লাল রঙের গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর (গোয়ালপাড়া) গ্রামের জনৈক জীবন মণ্ডলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। জীবন মণ্ডল মৃত কালীপদ মণ্ডলের ছেলে।
ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দুটি গরু গোয়ালঘরে রেখে তালা লাগিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে জীবন মণ্ডলের মা দিলারা রানী মণ্ডল ঘুম থেকে উঠে গোয়ালঘরের সামনে গিয়ে দেখতে পান, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা দুটি গরু নেই। রাতের আঁধারে অজ্ঞাতনামা চোরেরা গরু দুটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।
চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনার পর থেকে গরু দুটি উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা।
এ ঘটনায় দিলারা রানী মণ্ডল বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি হওয়া গরু উদ্ধার কিংবা জড়িতদের শনাক্তের কোনো তথ্য পাওয়া যায়নি।
