
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের অনুষ্ঠানমালা শেষ হয়েছে।
গত শনিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পোশাক তৈরি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সভায় গুজব, অপপ্রচার, মাদকমুক্ত সমাজ গঠন, ধূমপান প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যুবসমাজকে সব ধরনের অপপ্রচার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে গত ১ নভেম্বর বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা ও আত্মকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা।
