গোয়ালন্দে ইয়াবাসহ যুবক আটক

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি এলাকায় গত রবিবার রাত সাড়ে দশটায় বাবুল শেখ (৩২) নামে এক যুবককে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। গ্রেপ্তাকৃত যুবক বাবুল শেখ কুমড়াকান্দি এলাকার বাদল শেখের ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভা তরুণ দলের সাধারণ সম্পাদক।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুত্রে জানাযায়, গত রবিবার রাতে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন কুমড়াকান্দি এলাকায় রাজ্জাক শেখের মুদি দোকানের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এসময় পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শিহাবুদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুর ইসলাম বলেন, গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে বাবুল শেখ সামান্য আহত হন। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধার করা ইয়াবাসহ তাকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।