
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামপুর ইউনিয়ন গ্রাম আদালতের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফাহিমা খাতুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের প্রতিনিধি মোঃ আক্কাস আলী খান। এ সময় সাবেক ওয়ার্ড সদস্য নিশিথ কুমার দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অন্যদিকে বাল্যবিবাহ ও যৌতুকের কারণে নারী ও শিশুরা নানা ধরনের সামাজিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার অপরাধ প্রবণতা কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
বৈঠকে স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
