বালিয়াকান্দির সোনাপুরে জমি দখল নিয়ে বিরোধে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুরে জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারসংলগ্ন মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে জমির ওপর নির্মিত টিনের বেড়া ভাঙচুর করে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় মোঃ আশিকুর রহমানের বিএস ১৪৪৫ নম্বর দাগের জমি ১ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত হলে তিনি রেকর্ড সংশোধনের জন্য আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত কাগজপত্র পর্যালোচনা করে তাঁর পক্ষে রায় দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরবর্তীতে আশিকুর রহমান তাঁর মালিকানাধীন ২২ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের কাছে সাব-কবলা দলিলমূলে বিক্রি করেন। রেজাউল ইসলাম জমিটি নিজের নামে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করেন। পরে স্থানীয় জমির মালিকদের উপস্থিতিতে সেখানে টিনের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করে তিনি কর্মসূত্রে প্রবাসে চলে যান।
অভিযোগ রয়েছে, এ সুযোগে প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন গং সোমবার ভোরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে ওই টিনের বেড়া ভাঙচুর করে এবং সেখানে থাকা মালামাল সরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা বললে তাঁরা দাবি করেন, ওই জমিতে তাঁদের মালিকানা রয়েছে এবং তাঁদের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁরা নিজেদের দাবির স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে জমির রেকর্ডীয় মালিক মোঃ আশিকুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘জমিটি আমার রেকর্ডীয় সম্পত্তি। জমির রেকর্ড নিয়ে জটিলতা সৃষ্টি হলে আমি আদালতের শরণাপন্ন হই। আদালত কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই জমির একটি অংশ রেজাউল ইসলামের কাছে বিক্রি করেছি। তিনি বৈধ দলিলের মাধ্যমে জমি কিনে নিজের নামে নামজারি ও খাজনা পরিশোধ করেছেন। এরপর স্থানীয়দের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে টিনের বেড়া নির্মাণ করেন। কিন্তু প্রতিপক্ষ যেভাবে লোকজন নিয়ে এসে সেই বেড়া ভাঙচুর করেছে, তা অত্যন্ত দুঃখজনক। জমি নিয়ে কারও কোনো দাবি থাকলে আইনগতভাবে সমাধানের সুযোগ রয়েছে। এভাবে জোরপূর্বক দখল বা ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির কাগজপত্র যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
মুঠোফোনে প্রবাসী জমির ক্রেতা মোঃ রেজাউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমি জমির সব কাগজপত্র যাচাই-বাছাই করে আশিকুর রহমানের কাছ থেকে সাব-কবলা দলিলমূলে ১২ শতাংশ জমি ক্রয় করেছি। দলিল সম্পন্ন হওয়ার পর নিজের নামে নামজারি করে সরকারি রাজস্ব পরিশোধ করেছি। পাশের জমির মালিকদের উপস্থিতিতে টিনের বেড়া দিয়ে জমিটি ঘিরে রেখে কাজের প্রয়োজনে প্রবাসে চলে আসি। সোমবার ফোনে জানতে পারি, আমার জমির বেড়া ভেঙে প্রতিপক্ষ তোফাজ্জল গং নতুন করে বেড়া নির্মাণ করেছে। আমি আমার পক্ষ থেকে লোক পাঠিয়েছি। তাঁরা কাগজপত্র নিয়ে বসার কথা বলেছেন। আমি কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনেছি। সবার উপস্থিতিতে মাপঝোক করে বেড়া দেওয়ার পর সেটি ভাঙচুর করা অন্যায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।’
এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।