কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সকল কেন্দ্রে টিকা প্রদান

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মঙ্গলবার সকাল ১০ টায় সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ইউনিয়নের নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুদের এই টিকা প্রদান করা হয়।
কর্মসূচি চলাকালে টিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমওডিসি ডা. মেহেদী হাসান।
পরিদর্শনকালে ডা. মেহেদী হাসান টিকা প্রদানের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন। এ সময় তিনি টিকার মান নিয়ন্ত্রণ (কোল্ড চেইন), রেজিস্টার খাতা সংরক্ষণ এবং সেবাগ্রহীতাদের সাথে আন্তরিক আচরণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কেন্দ্রে আগত মায়েদের সাথে কথা বলেন এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নির্ধারিত সময়ে সবগুলো টিকা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শন শেষে ডা. মেহেদী হাসান বলেন, “শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। প্রান্তিক পর্যায়ের কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সেজন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
এ সময় স্থানীয় স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।