
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪ নম্বর মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হকের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে এবং মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুষ্টিয়াডাঙ্গী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ এহসানুল হক আলিফ।
এ সময় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার কে এম নাহিদ সাইদ, মোঃ ফরিদ হোসেন, মোঃ মনিরুল খান, মোঃ জিল্লুর রহমান জিলাল, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম, খলিলুর রহমান খলিল, দিপু আহম্মেদ, মোঃ মানিক মন্ডল, জাকির হোসেন, আব্দুল জলিল মন্ডল, আসমত আলী, আব্দুল মজিদ, নাসিরুল হক, শফিক মন্ডল, কাসেদ আলী, মতিউর রহমান, আলাউদ্দিন আহম্মেদ, সিদ্দিকুর রহমান, শাহজাহান আলী ও মাহফুজ খানসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তাদের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা জানতেই এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও জবাবদিহি থাকা অত্যন্ত জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হক বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি মাঝবাড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে হিসেবে গড়ে তুলবেন, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন। শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবায় পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় খেলার মাঠের ব্যবস্থা, খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং তরুণদের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাঝবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হক ও উপস্থিত নেতাকর্মীরা এসব সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।
উঠান বৈঠকে ও মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
