
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের পরিকল্পিত আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে জেলার গোয়ালন্দ মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালন্দ মোড়ে জড়ো হন। পরে দুপুরে সেখানে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।
বিক্ষোভ মিছিল শেষে গোয়ালন্দ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও ভাঙচুর করছে। এসব কর্মকাণ্ড বিএনপি কঠোরভাবে প্রতিহত করবে।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপি, রাজবাড়ী সদর ও পৌর বিএনপি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য দেন। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
