
স্টাফ রিপোর্টার : সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে দেশের ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর সমাজ থেকে পরিত্রাণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট চত্ত্বরে এক জনসভার আয়োজন করে রাজবাড়ী জেলা বিএনপি। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল সহ এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন। প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেন, আমি প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না। বিগত ১৭টি বছর আমরা ভোট দিতে পারিনি। অসংখ্য নেতাকর্মীদের জেলের অন্ধকারে দিয়েছে। নির্বাচনে আমার মঞ্চে, বাড়ীতে হামলা করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। আমি তো কাউকে গ্রেপ্তার করায়নি। কেউ বলতে পারবে না আমি কাউকে ফোন দিয়ে গ্রেপ্তার করতে বলেছি। এ শান্ত রাজবাড়ীকে আমি সম্প্রীতির রাজনীতি করতে চেয়েছিলাম। কাজী কেরামত আলী, কাজী এরাদত আলী, আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বারকে অনেকবার অনুরোধ করেছি। কিন্তু কেউ কথা রাখেনি। যারা অন্যায় করেছিল, তারা এখন জেল খাটছে। এতে আমাদের কোন দোষ নেই। তাদের অপরাধের এখন অনেকেই জেলে ও পালিয়ে বেড়াচ্ছে।
তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে করে ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশে পালিয়ে গিয়ে এখন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গোপালগঞ্জসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। রাজবাড়ীতে কোনো প্রকার বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা প্রতিশ্রতি দিয়েছিলাম পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ নির্মাণের। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করছি। ইতিমধ্যেই শুরু হয়েছে কার্যক্রম। দেশে উন্নয়ন শুরু হয়েছে। এখন পাশের দেশ ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। এদেশের জনগন তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করে আইনের আওতায় সোপর্দ করতে হবে।
