
স্টাফ রিপোর্টার : নাব্যতা সংকটে টানা এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট। ঘাটটি বন্ধ থাকায় কমেছে ফেরি ভেড়ানোর সুযোগ। দৌলতদিয়ার সাতটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র দুটি ৩ ও ৭ নম্বর ঘাট। এতে ঘাটে যানবাহন পারাপারের চাপ বাড়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা। দ্রুত ঘাটটি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান। তিনি বলেন, ঘাটটি এখনো চালু করা সম্ভব হয়নি। সেখানে ড্রেজিংয়ের কাজ চলছে। ড্রেজারের পাইপ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এ ঘাটে ফেরি ভিড়তে পারছে না। দ্রুতই ঘাটটি চালুর চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীতে পানি কমে যাওয়ায় দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় নাব্যতা সংকট দেখা দেয়। এ কারণে গত ১৮ নভেম্বর সকাল থেকে ঘাটটিতে ফেরি ভেড়ানো এবং যানবাহন ওঠানামা বন্ধ রাখা হয়। ঘাটটি সচল করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে শুরু হয় ড্রেজিং কার্যক্রম।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, অগ্রহায়ণ মাসে নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় ৪ নম্বর ফেরিঘাটে নাব্যতা সংকট তৈরি হয়েছে। এ কারণে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং কার্যক্রম শেষ হলে দ্রুতই ঘাটটি দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৭ নম্বর ঘাট দিয়ে এসব ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। মঙ্গলবার সকালে যানবাহনের চাপ কম থাকায় ঘাটে কোনো অপেক্ষমাণ গাড়ি ছিল না। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক সরাসরি ফেরিতে উঠতে পারছিল।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের আরিচা ড্রেজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (পুর) হাছান আহমেদ জানান, ৪ নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম চলছে। প্রয়োজনীয় খননকাজ সম্পন্ন করতে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে।
উল্লেখ্য, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। এ নৌপথে ঘাটের সংখ্যা কমে গেলে যানবাহনের চাপ ও পারাপারে ভোগান্তি বাড়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত ড্রেজিং কার্যক্রম শেষ করে ৪ নম্বর ফেরিঘাটটি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
