চাকার অভাবে তালাবদ্ধ গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স

লেখক:
প্রকাশ: ১৬ minutes ago

সিরাজুল ইসলাম : সোয়া দুই লক্ষ মানুষের ভরসা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ চাঁকার অভাবে প্রায় একমাস ধরে গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে এ হাসাপাতালে। এতে জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার সামান্যতম সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গরীব ও অসহায় অনেক রোগী।
বুধবার (২৫ নভেম্বর) সরজমিনে দেখা যায়, হাসপাতালে দেখা যায় অ্যাম্বুলেন্সটি গ্যারেজেই পড়ে আছে। অনেকে জরুরি প্রয়োজনে
অ্যাম্বুলেন্স পাচ্ছে না বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সে নিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন চাকা ক্রয় ও সংযোজনে প্রয়োজনীয় টাকা বরাদ্দ না পাওয়ায় বিকল অ্যাম্বুলেন্সটি সচল করা যাচ্ছে না।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি ব্যাস্ততম দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। স্বাস্থ্য সেবা পেতে সরকারি এ হাসপাতালটি উপজেলা এলাকার প্রায় দুই লাখ মানুষের একমাত্র ভরসাস্থল। এখানে প্রতিদিন গড়ে সাড়ে ৪শ বিভিন্ন রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। এর মধ্যে জরুরী অপারেশনসহ উন্নত চিকিৎসার প্রয়োজনে অনেক রোগীকে পাঠানো (রেফার্ড) হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটি গত ২৮ অক্টোবর থেকে বিকল হয়ে গ্যারেজে তালাবদ্ধ হয়ে পড়ে আছে। এদিকে সরকারি অ্যাম্বুলেন্সসেবা না পেয়ে বিপাকে পড়ছেন এলাকার গরীব ও অসহায় রোগীর স্বজনেরা। উপায় না পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা রোগীদেরকে অতিরিক্ত ভাড়ায় বাইরের প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনে বাধ্য হচ্ছেন তারা। এদিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অ্যাম্বুলেন্স চালক মো. নাসির হোসেন জানিয়েছেন, সর্বশেষ গত ২৭ অক্টোবর সন্ধ্যর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা এক রোগীকে সরকারি অ্যাম্বুলেন্সে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে গোয়ালন্দে ফেরার পথে সামনের একটি চাকা হঠাৎ ফেটে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যায়। সচল করতে ওই অ্যাম্বুলেন্সে নতুন চাকা সংযোজন করা প্রয়োজন। তা না করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি প্রায় এক মাস যাবত হাসপাতালের গ্যারেজেই পড়ে আছে। তবে, নতুন চাকা লাগাতে পারলে বিকল অ্যাম্বুলেন্সটি সচল হবে বলে ওই চালক জানান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ রোমেল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চাকা নষ্ট হওয়ায় সরকারি এই হাসপাতালের গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু নতুন চাকা ক্রয় ও সংযোজনে প্রয়োজনীয় টাকা বরাদ্দ এখনো পাওয়া যায়নি। টাকা বরাদ্দ না পাওয়ায় বিকল অ্যাম্বুলেন্সটি সচল করা যাচ্ছে না। এই হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদেরকে আমরা অ্যাম্বুলেন্সসেবা দিতে পারছি না।’