রাজবাড়ীতে উদীচী আয়োজিত মরণোত্তর দেহদানকারী এ্যাড. দেবাহুতি চক্রবর্তীর স্মরণসভা

লেখক:
প্রকাশ: ১২ minutes ago

স্টাফ রিপোর্টার : ‘তুমি রবে নিরবে’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলার নারী আইনজীবী প্রয়াত দেবাহুতি চক্রবর্তীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন এলাকায় সংগঠনটির কার্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উদীচী মিলনায়তনে সভার শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুসময় নিরবতা পালন করা হয়। এরপর ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে….’ গানের সঙ্গে মোমবাতি প্রজ্জ্বলন ও দেবাহুতি চক্রবর্তীর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। এতে বক্তব্য দেন, সদ্য প্রয়াত দেবাহুতি চক্রবর্তীর ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক ধূর্জটি চক্রবর্তী, প্রবীণ বামপন্থী নেতা নাগরিক কমিটির সহ-সভাপতি আবদুস সামাদ মিয়া, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, অরণীর সভাপতি মুনিরুল হক, আবোল তাবোল শিশু সংগঠনের সহ-সভাপতি অ্যাড. শফিকুল আজম মামুন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও উদীচীর সহসভাপতি ফকীর শাহাদত হোসেন, মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, রাজবাড়ী দলিত বঞ্চিত জনগোষ্ঠীর সভাপতি অরুন কুমার সরকার, নাট্যনন্দনের সভাপতি তপন কুমার দে, দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের সভাপতি শ্যামা রানী দে, মুক্ত আনন্দের সভাপতি অজয় দাস তালুকদার, রাজবাড়ী আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, মহিলা পরিষদ নেত্রী আইনজীবী নাজমা সুলতানা, উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সহসভাপতি আইনজীবী বাবন চক্রবর্তী, বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, রাজবাড়ী জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, সহকারী অধ্যাপক অপূর্ব কুমার দাস, উদীচী বালিয়াকান্দি শাখার সহকারী সাধারণ সম্পাদক সাজীনা ইমাম প্রমূখ। একক সংগীত পরিবেশন করেন, আজাদ সিদ্দিকী ও সাজীনা শাম্মী। সমবেত সংগীতের নেতৃত্ব দেন ধীরেন্দ্রনাথ দাস। এতে অংশ নেন উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মোঃ আবদুল জব্বার, ত্রয়ী বিশ্বাস, কোরবান হোসেন, ফিরোজা খাতুন, চায়না সরকার শর্মী, কানিজ ফাতেমা বেবী, জান্নাতুল ফেরদৌস ও সৈয়দা তানিয়া সিমি। কবিতা পাঠ করেন কাব্যগৃহের সভাপতি চায়না সাহা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কৃষ্ণা সাহা ও উদীচীর কার্যনিবার্হী সদস্য মলিনা পারভীন।
শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করার মধ্যে দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, দেবাহুতি চক্রবর্তী ছিলেন সাহসী, সত্যনিষ্ঠ, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবদরদি চিন্তা-চেতনার অধিকারী। তিনি সব সময় মানুষের কথা ভাবতেন। কীভাবে মানুষের উপকার করা যায়, সেই চিন্তাই ছিল তাঁর কাজের মূল প্রেরণা। তিনি যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তিনি নিজে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন। বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। যিনি ধর্ম-বর্ণ সবাইকে কাছে টেনে নিতেন। তাঁর মৃত্যুতে রাজবাড়ীবাসী হারিয়েছেন একজন অকৃত্রিম আপনজন।
উল্লেখ্য, ক্যান্সার আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবাহুতি চক্রবর্তী মারা যান। তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।