
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম সফিকুজ্জামান।
গত বুধবার বিকেলে পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে তিনি কার্যক্রম বন্ধ থাকা কেন্দ্রটিতে দ্রুত চিকিৎসা সেবা চালুর আশ্বাস দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মারুফ হাসান, গণস্বাস্থ্য কেন্দ্রের দৌলতদিয়ার ইনচার্জ জুলফিকার আলি, যৌনকর্মীদের উন্নয়নে কাজ করা সংগঠন পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল, কেকেএস টিপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল, সাংবাদিক শামীম শেখ, শফিকুল ইসলাম শামীম, শেখ রাজীব, মোজাম্মেল হক লাল্টু, মোঃ সাজ্জাদ হোসেন, মইনুল হক মৃধা প্রমুখ।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রত্যান্ত গ্রামাঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সারা জীবন কাজ করে গেছেন। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র সে রকমই একটি প্রতিষ্ঠান। সারা দেশে এ ধরনের ৪৩ টি কেন্দ্র রয়েছে। দৌলতদিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে এখানকার অসহায় যৌনপল্লী ও আশপাশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, বিনামূল্যে স্ক্রিনিং পরীক্ষা সহ যাবতীয় চিকিৎসা সেবা দিয়ে আসছিল। এছাড়া এখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি স্বল্প খরচে চোখের ছানি অপারেশন ও স্বল্প মূল্যে ওষুধ বিতরন এবং বৈদেশিক প্রকল্পের মাধ্যমে এইচআইভি এইডস ও বিভিন্ন সংক্রামক রোগের পরিক্ষা, সচেতনতামূলক সভা, উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে এই কেন্দ্রে কোনো প্রকল্প না থাকায় যৌন পল্লীর নারী- শিশুরাসহ পাশ্ববর্তী এলাকার দুস্হ্য মানুষেরা সহজলভ্য স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ জন্য আমরা চিন্তা করেছি খুব শীঘ্রই এখানে উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং আবাসিক একজন চিকিৎসক নিয়োগ দিয়ে কেন্দ্রটি পুনরায় চালু করবো। সেইসাথে পুনরায় কম খরচে অসহায় ও দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন করা হবে। এছাড়াও প্যাথলজিক্যাল সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছি। তিনি কেন্দ্রটি পুনরায় ভালোভাবে শুরু করতে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা কেন্দ্রটি চালু ও পরিচালনার ক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
