
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গাঁজা বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর এলাকার হোসেন সরদারের ছেলে আবদুল রাজ্জাক সরদার এবং খানখানাপুর ব্র্যাকপাড়া এলাকার মোঃ আবুল কালাম বিশ্বাসের ছেলে মোঃ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড় টার দিকে গোয়ালন্দ মোড়ের তরকারি বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মোড়ের তরকারি বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর পরিচালনায় মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আবদুল রাজ্জাক সরদারকে ২৪ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন। অপরদিকে মোঃ সাইফুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, মোবাইল কোর্টের কার্যক্রম শেষে আটক ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
