
মোঃ আমিরুল হক : নির্বাচন কমিশন স্থাণীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে বার্তা দেওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার ৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ ইউনিয়নবাসীর সাথে ব্যাপক গণসংযোগ করছেন।
গত সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত তিনি মৃগী ইউনিয়নের মৃগী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও হাট-ঘাট এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
গণসংযোগকালে তিনি প্রতিটি দোকানে দোকানে গিয়ে দোকানদার, ক্রেতা-বিক্রেতা, পথচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে নিজের নির্বাচনী ইশতেহারের উপর বিভিন্ন প্রকার আশ্বাস প্রদান করেন এবং সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে আবুল কালাম আজাদ বলেন, “মৃগী ইউনিয়ন আমার জন্মভূমি। এই ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। জনগণের ভোটে নির্বাচিত হলে সর্বপ্রথম ইউনিয়নের প্রতিটি রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবো।”
তিনি আরও বলেন, “কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, যুবসমাজকে মাদক ও বেকারত্বের হাত থেকে রক্ষা করা এবং একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত মৃগী ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। আমি সবার চেয়ারম্যান হয়ে কাজ করতে চাই, কোন ভেদাভেদ থাকবে না।”
গণসংযোগের সময় তাকে দেখতে বিভিন্ন বাজারে শত শত নারী-পুরুষ ভিড় করেন। স্থানীয়রা তার সাদামাটা জীবনযাপন ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। অনেকেই বলেন, থ”আমরা এমন একজন চেয়ারম্যান চাই যে সবসময় আমাদের পাশে থাকবে।”
গণসংযোগকালে তার সাথে বিপুল সংখ্যক সমর্থক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। পুরো সময় জুড়ে বাজারগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ একজন সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
