শীর্ষ মাদক ব্যবসায়ী দুলী এখনো ধরা পড়েনি : দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার খয়েরচারা গ্রামের ওহাব মোল্লার স্ত্রী বর্তমান উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার মোছাঃ জোলেখা খাতুন ওরফে কাজলী (৪১)। মাদকের মালিক উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মোঃ রানার স্ত্রী মোছাঃ দুলী আক্তার (২৯) পলাতক রয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হল রোড সোহরাব মন্ডল পাড়া অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আঃ হকের বাড়ীর ভাড়াটিয়া মোছাঃ জোলেখা খাতুন ওরফে কাজলীর নিজ দখলীয় ভাড়াকৃত বসতঘর ঘেরাওপূর্বক বসতঘরের মধ্যে দণ্ডায়মান অবস্থায় আসামীর দেহ ও বসতঘর তল্লাশি করে ৩৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোছাঃ জোলেখা খাতুন ওরফে কাজলীকে জিজ্ঞাসাবাদে জানায়, হেরোইনের প্রকৃত মালিক দুলি আক্তার। দুলি আক্তারের হেরোইন কাজলীর মাধ্যমে বিক্রয় করায়। তারা পারস্পরিক যোগসাজশে হেরোইনের ব্যবসা করে। পরে মোছাঃ জোলেখা খাতুন ওরফে কাজলী এবং দুলি আক্তার এ দুই জনকে আসামী করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।