বালিয়াকান্দিতে গলায় গামছা পেঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। সকালে পরিবারের লোকজন আমিরুলকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর বড় ভাই জহিরুল শেখ বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় আমিরুলকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে গাছ থেকে নামানো হয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।