গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে কৃষিজমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর মণ্ডল (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত লুৎফর মণ্ডল রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রাম এলাকার নওশের আলী মণ্ডলের ছেলে।
গত সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া এলাকার তোরাপ শেখের পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর মণ্ডল দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখের পাড়ার বাসিন্দা জালাল প্রামাণিক বাবুর (৫৫) জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি পাশের একটি সেচ পাম্পের ঘর থেকে বৈদ্যুতিক খুঁটি পর্যন্ত ঝুলে থাকা তার হাত দিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে যান।
পরে তাঁর সঙ্গে থাকা অন্য চার শ্রমিক, জমির মালিক জালাল প্রামাণিক ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হন। তিনি নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।