মুলঘরে পূর্ব শত্রুতার জেরে হামলা ৩ জনকে কুপিয়ে জখম

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার মুলঘর (বিলনয়াবাদ) গ্রামে দীর্ঘদিন ধরে চলা সামাজিক বিরোধ ও আইনী লড়াইয়ের জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত ও জখম হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ী আদালতে একটি মিস.পি মামলা দায়ের করে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী পরিবারটির ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত জবেদ শেখের ছেলে মোঃ মুছা শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীপক্ষের সাথে সামাজিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে প্রতিপক্ষ বাদীপক্ষের ঘর থেকে স্বর্ণের চেইন (৮ আনা), কানের দুল (৪ আনা) ও হাতের রুলি (৮ আনা) চুরি করে বলে অভিযোগ করা হয়। চুরির বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বাদী ও তার কন্যাকে মারধর করে। এ নিয়ে পূর্বেও থানায় অভিযোগ দায়ের ও স্থানীয় আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তা অমান্য করে তাদের বিরুদ্ধে রাজবাড়ী আমলী আদালতে একটি মিথ্যা সি.আর মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি পাল্টা মিস.পি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকারা দেশীয় অস্ত্রে (ছ্যান, ছোল, হাতুড়ি, বাঁশের লাঠি, কাঠের বাটাম ইত্যাদি) সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় মোঃ মোজাই শেখের ওপর ছ্যান দিয়ে এলোপাতাড়ি কোপ মারা হলে তিনি গুরুতর জখম হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রীকেও হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়া হয়, যা মাথার বাম পাশে লেগে তিনি মারাত্মকভাবে জখম হন। এছাড়াও বাদীর ভাইয়ের ছেলেকে দুই হাতের কব্জিতে কোপ মেরে আহত করা হয়।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। মোঃ মোজাই শেখ ও তার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ও সঙ্কটাপন্ন হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকদের মতে, বর্তমানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
অভিযুক্তরা হলেন, মুলঘর গ্রামের মৃত জবেদ আলী শেখের ছেলে মোঃ আজাহার শেখ, মোঃ আজাহার শেখের ছেলে মোঃ বক্কার শেখ, মোঃ আজাহার শেখের স্ত্রী নূরজাহান বেগম, ঝন্টুর স্ত্রী ঝর্না বেগম, মোঃ বক্কার শেখের স্ত্রী সুমাইয়া, সোবাহান শেখের ছেলে নাইম, নাইমের স্ত্রী হিরা খাতুন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, “আহতদের চিকিৎসার বিষয়টি বিবেচনা করে তাদের আত্মীয়র মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রাথমিক সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”এদিকে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।